ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের ঘটনায় ইরানকে জড়ানোর বিষয়ে সতর্কবার্তা: আগুন নিয়ে খেলবেন না
https://parstoday.ir/bn/news/west_asia-i163598-ফ্লাইদুবাইয়ের_ফ্লাইটের_ঘটনায়_ইরানকে_জড়ানোর_বিষয়ে_সতর্কবার্তা_আগুন_নিয়ে_খেলবেন_না
পার্সটুডে- দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের (আইএনএসএস) ইরানবিষয়ক গবেষক ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের ঘটনায় ইরানকে জড়ানোর বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এ ধরনের প্রচারণা বিপজ্জনক ‘ভুল হিসাব-নিকাশ’ এবং তেহরান ও তেল আবিবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণ হতে পারে।
(last modified 2026-10-01T14:50:33+00:00 )
অক্টোবর ০১, ২০২৬ ২০:৫০ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

পার্সটুডে- দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের (আইএনএসএস) ইরানবিষয়ক গবেষক ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের ঘটনায় ইরানকে জড়ানোর বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এ ধরনের প্রচারণা বিপজ্জনক ‘ভুল হিসাব-নিকাশ’ এবং তেহরান ও তেল আবিবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণ হতে পারে।

ইরনা’র বরাতে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের ইরানবিষয়ক গবেষক ড্যানি সিত্রিনোভিচ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তার পক্ষ থেকে এ ঘটনায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেন, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া এবং প্রতিপক্ষের মধ্যে নতুন যুদ্ধের প্রস্তুতি চলছে—এমন ধারণা তৈরি করার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে।

তিনি বলেন, তেহরান যদি মনে করে ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে সম্ভাব্য হামলা ঠেকাতে ইরান আগাম পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে, তেল আবিবও এমন পদক্ষেপকে তাদের প্রাথমিক ধারণার যথার্থতার প্রমাণ হিসেবে বিবেচনা করতে পারে। এর ফলে পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার একটি বিপজ্জনক চক্র তৈরি হতে পারে।

ইসরায়েলি এই গবেষক পরিস্থিতিটিকে ‘আগুন নিয়ে খেলা’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য নিছক কথার কথা নয়; বরং তা ‘স্বয়ংসম্পূর্ণ ভবিষ্যদ্বাণীতে’ পরিণত হতে পারে, অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার আশঙ্কা শুরুতে করা হয়েছিল।

উল্লেখ্য, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ঘটনায় তদন্ত চলছে। উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মধ্যে বিরোধের পর উড়োজাহাজটি সৌদি আরবে জরুরি অবতরণ করে। তবে এখন পর্যন্ত এ ঘটনার কারণ ও নেপথ্যের বিষয়গুলো স্পষ্ট হয়নি। তদন্তের ফলাফল প্রকাশের আগে আগাম অনুমাননির্ভর মন্তব্য থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্লাইদুবাই কর্তৃপক্ষ।

তবে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর বক্তব্যে এ ঘটনাকে ইরানের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।