সিরিয়ায় আসাদের সঙ্গে কোনো কূটনীতি নয়: এরদোগান
-
আঙ্কারায় এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে কোনোরকম কূটনৈতিক আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বাধীন সিরিয়া সরকারের সঙ্গে কোনো কূটনৈতিক যোগাযোগ হবে না।
বুধবার আঙ্কারা সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এরদোগান। তুরস্ক কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান শুরু করার কয়েক ঘন্টার মধ্যে এ বক্তব্য দেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, তুর্কি-সমর্থিত গেরিলারা সিরিয়ার জারাবলুস শহরটিকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের কাছ থেকে পুনর্দখল করেছে। এ কাজে তুর্কি বিশেষ বাহিনী সহযোগিতা করেছে বলেও তিনি জানান।
যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন দায়েশ বিরোধী যুদ্ধে তুরস্ককে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, কুর্দি বিচ্ছিন্নতাবাদী গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র যোদ্ধারা ইউফ্রেটিস নদীর পূর্ব প্রান্তে ফিরে না যাওয়া পর্যন্ত সিরিয়ায় তুর্কি সামরিক অভিযান চলবে। বুধবার থেকে তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে বিশেষ বাহিনী পাঠিয়ে দায়েশ ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে যে সেনা অভিযান শুরু করেছে তাকে এরইমধ্যে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে দামেস্ক।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫