মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পক্ষপাতদুষ্ট: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i29500-মার্কিন_পররাষ্ট্রমন্ত্রীর_বক্তব্য_পক্ষপাতদুষ্ট_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের ইস্যুতে তেল আবিবের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্য পক্ষপাতদুষ্ট। গতকাল (বুধবার) দেয়া কেরির বক্তব্যের জবাবে নেতানিয়াহু বলেন, “তার বক্তব্যের বেশিরভাগই তিনি ব্যয় করেছেন শান্তির অভাবের জন্য ইসরা‌‌ইলকে দোষারোপ করে।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৬ ১৪:০২ Asia/Dhaka
  • ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের ইস্যুতে তেল আবিবের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্য পক্ষপাতদুষ্ট। গতকাল (বুধবার) দেয়া কেরির বক্তব্যের জবাবে নেতানিয়াহু বলেন, “তার বক্তব্যের বেশিরভাগই তিনি ব্যয় করেছেন শান্তির অভাবের জন্য ইসরা‌‌ইলকে দোষারোপ করে।”

বক্তব্যে কেরি অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের ইহুদি বসতি স্থাপনের বিষয়টি ‘মাত্রাতিরিক্তভাবে’ আলোচনা করেছেন বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি আরো বলেছেন, “শান্তির গুরুত্ব সম্পর্কে বিদেশী নেতাদের ভাষণ ইসরাইলিদের প্রয়োজন নেই”। ইসরাইলের প্রধানমন্ত্রী জানান, “নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মতোই কেরির ভাষণ জাতিসংঘের বক্তব্যেরই বর্ধিত রূপ, তার বক্তব্যে ইসরাইল-বিরোধী অবস্থান ছিল পরিষ্কার।”

গতকাল দিনের শুরুতে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতির নিন্দা জানানোর পাশাপাশি প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে ভাষণ দেন কেরি। তিনি বলেন, “ইসরাইলি ও ফিলিস্তিনীদের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক শান্তি প্রতিষ্ঠা করাই হলো একমাত্র ও দীর্ঘস্থায়ী সমাধান।”

এদিকে কেরির বক্তব্যের সূত্র ধরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইলের সঙ্গে আবার আলোচনা শুরু করার জন্য তিনি প্রস্তুত। তবে তিনি এ জন্য তেল আবিবকে বসতি নির্মাণ কার্যক্রম থামানোর শর্ত দিয়েছেন। ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ২৩০টিরও বেশি অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরাইল এবং এসব বসতিতে হাজার হাজার ইহুদিবাদী বসবাস করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯