কাতারের প্রতি সমর্থন দিয়েছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i39624-কাতারের_প্রতি_সমর্থন_দিয়েছে_তুরস্ক
সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের চলমান দ্বন্দ্বে দোহার প্রতি সমর্থন দিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, তেল-গ্যাসে সমৃদ্ধ কাতারকে একঘরে করার নীতি অনুসরণ করে কেউ লাভবান হতে পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০১৭ ১৬:১৮ Asia/Dhaka
  • তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের চলমান দ্বন্দ্বে দোহার প্রতি সমর্থন দিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, তেল-গ্যাসে সমৃদ্ধ কাতারকে একঘরে করার নীতি অনুসরণ করে কেউ লাভবান হতে পারবে না।

তুরস্কে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সম্মানে এক ইফতার পার্টিতে গতকাল (মঙ্গলবার) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এ সমর্থন ঘোষণা করেন। কাতারের বর্তমান ভূমিকাকে ‘ঠাণ্ডা মাথার গঠনমূলক পদক্ষেপ’ বলে প্রশংসা করেন তিনি। এরদোগান দাবি করেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কাতার একটি কার্যকর যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে।

সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রশ্রয় দেয়া এবং সৌদি আরবের ‘শত্রুদেশ’ ইরানকে সমর্থন দেয়ার অভিযোগ এনে সোমবার কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তবে কাতার এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।

সৌদি আরব ও সম্পর্ক ছিন্নকারী অন্য আরব দেশগুলোর নেতাদের সমালোচনা করে এরদোগান বলেন, “কাতার যদি সন্ত্রাসবাদকে সমর্থন দিত তাহলে তুরস্কই সবার আগে দেশটির বিরোধিতা করত। তিনি সুস্পষ্ট করে বলেন, কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ অব্যাহত রাখবে তুরস্ক।

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭