কুর্দিস্তানের গণভোট এখন ইতিহাসের অংশ: ইরাকের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i47634-কুর্দিস্তানের_গণভোট_এখন_ইতিহাসের_অংশ_ইরাকের_প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তানে অনুষ্ঠিত গণভোট শেষ হয়ে গেছে এবং তা এখন ইতিহাসের অংশ। ওই গণভোটকে ব্যবহার করে ইরাকের মাটিতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০১৭ ০৩:৫৬ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তানে অনুষ্ঠিত গণভোট শেষ হয়ে গেছে এবং তা এখন ইতিহাসের অংশ। ওই গণভোটকে ব্যবহার করে ইরাকের মাটিতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।

এবাদি মঙ্গলবার রাতে রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি কুর্দি নেতাদের জানিয়ে দিয়েছেন, এই গণভোট সবার আগে কুর্দি জনগোষ্ঠীর ক্ষতি করবে। তিনি ইরাকের সংবিধানের আওতায় বাগদাদের সঙ্গে আলোচনায় বসতে কুর্দি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার সরকার কোনো অবস্থাতেই গৃহযুদ্ধ চায় না।

ইরাকের আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানকে দেশটি থেকে বিচ্ছিন্ন করে ফেলার প্রশ্নে গত ২৫ সেপ্টেম্বর এক গণভোট অনুষ্ঠিত হয়। ইরাক সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সমাজের বিরোধিতা উপেক্ষা করে কুর্দিস্তানের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানি ব্যক্তিগত উদ্যোগে ওই গণভোটের আয়োজন করেন।

মাসুদ বারজানি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি শুরু থেকেই ওই গণভোটের বিরোধিতা করে বলে এসেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয় এমন কোনো তৎপরতা তিনি মেনে নেবেন না।

এদিকে ইরাক ও কুর্দিস্তান অঞ্চলের সীমান্তবর্তী কিরকুক প্রদেশের ওপর সোমবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশটির সেনাবাহিনী। ইরাকি বাহিনীর আগমনের খবর পেয়ে কিরকুকে অবস্থানরত কুর্দি পিশমার্গা বাহিনী শহর ছেড়ে পালিয়ে যায়। সেনাবাহিনীর হাতে কিরকুকের নিয়ন্ত্রণ আসার পর সেখানকার সব সরকারি অফিস আদালত থেকে কুর্দি পতাকা নামিয়ে ইরাকের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রধানমন্ত্রী এবাদি কিরকুকে যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের প্রতিটি জনগণ ইরাকের জাতীয় পতাকার মালিক এবং এই পতাকা দেশের প্রতিটি প্রান্তে আকাশে উড়বে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮