ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ চলছে: আহত ৮০
https://parstoday.ir/bn/news/west_asia-i49611-ট্রাম্পের_ঘোষণার_বিরুদ্ধে_ফিলিস্তিনে_বিক্ষোভ_চলছে_আহত_৮০
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে শনিবার অন্তত ৮০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এ খবর জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৭ ০৩:৩৭ Asia/Dhaka
  • ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ চলছে: আহত ৮০

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে শনিবার অন্তত ৮০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জেরুজালেম বা আল-কুদস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদ জানানোর সময় এসব সংঘর্ষ হয়।

আল-কুদস শহরে মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদ অবস্থিত। মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.) মে’রাজের রাতে মসজিদুল হারাম থেকে এই মসজিদুল আকসা হয়ে উর্ধ্বাকাশে গমন করেছিলেন। এ কারণে বিশ্বের মুসলমানরা ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে সোচ্চারা হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার প্রতিবাদে শনিবার আল-কুদস শহরের ফিলিস্তিনি অধিবাসীরা মসজিদুল আকসার দিকে যাওয়ার চেষ্টা করলে ইহুদিবাদী সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এ সময় কুদস দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য ও ফাতাহ আন্দোলনের নেতা জিহাদ আবু জানিদকে জেরুজালেম শহরের সালাহউদ্দিন সড়ক থেকে আটক করে।

এদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য ফিলিস্তিনি জনগণসহ গোটা মুসলিম উম্মাহ’র প্রতি আহ্বান জানিয়েছে।

সারা বিশ্বের প্রতিবাদ উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জেরুজালেম আল-কুদসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে বলেও ঘোষণা দিয়েছেন।

তার এ ঘোষণার প্রতিবাদে গত কয়েকদিন ধরে ফিলিস্তিনজুড়ে ব্যাপক বিক্ষোভ ও দখলদার সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলছে। গত চারদিনের সংঘর্ষে অন্তত চার ফিলিস্তিনি শহীদ ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০