তুর্কি হামলায় প্রাচীন ঐতিহ্য ধ্বংস; সিরিয়ার নিন্দা
-
প্রাচীন ঐতিহ্য \'এইন দারা\'
সিরিয়ার কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত আফরিন এলাকায় তুর্কি বিমানবাহিনীর বোমা হামলায় সুপ্রাচীন মন্দির 'এইন দারা' ধ্বংস হয়ে গেছে। সিরীয় সরকার ও মনিটরিং গ্রুপগুলো এখবরের সত্যতা নিশ্চিত করেছে।
হামলাটি শুক্রবার চালানো হলেও সংবাদ মাধ্যমগুলো আজ (সোমবার) এ হামলার খবর দিয়েছে। বিভিন্ন সূত্র থেকে ইন্টারনেটে দেয়া ছবিতে দেখা যায়, বোমার আঘাতে হামলার স্থানটিতে বিরাট গর্ত হয়েছে। সেখানে একটি কৃষ্ণপাথরের সিংহমূর্তি ছিল।
এই মন্দিরটি নির্মিত হয়েছিল খৃস্টপূর্ব প্রথম সহস্রাব্দে। সিরিয়ার প্রত্নসম্পদ অধিদপ্তর এই হামলার তীব্র নিন্দা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে।
সিরীয় প্রত্নসম্পদ অধিদপ্তরের সাবেক প্রধান মামুন আবদুল করিম বলেছেন, মন্দিরটির কৃষ্ণপাথরের সিংহমূর্তির জন্য পর্যটকরা আকৃষ্ট হতেন। এটি আন্তর্জাতিক প্রত্মসম্পদের জন্য বড় ধরনের ক্ষতি।
গত ২০ জানুয়ারি থেকে আফরিনে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি-কে নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে বলে আঙ্কারা ঘোষণা করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯