সিরিয়া যুদ্ধে শত্রুরা পরাজিত হয়েছে: বাশার আল জাফারি
-
বাশার আল জাফারি
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার প্রতিনিধি বাশার আল জাফারি বলেছেন, শত্রুরা যুদ্ধে পরাজিত হয়েছে। কূটনৈতিক ক্ষেত্রেও তারা পরাজয়বরণ করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক বৈঠকে মঙ্গলবার তিনি এ কথা বলেছেন।
বাশার আল জাফারি আরও বলেছেন, জাতিসংঘের কোনো কোনো কর্মকর্তা সিরিয়া ইস্যুতে অবাস্তব প্রতিবেদন দিচ্ছেন।
তিনি বলেন, কোনো কোনো দেশ এ বাস্তবতা স্বীকার করতে চায় না যে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের কারণে সিরিয়ায় মানবিক সংকট দেখা দিয়েছে। এমনকি মার্কিন বাহিনী সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর পথে বাধা সৃষ্টি করে চলেছে। সিরিয়ার আফরিনে তুরস্ক যে দেড় লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে তা এড়িয়ে যাচ্ছে জাতিসংঘ।
সিরিয়ার প্রতিনিধি বলেন, জাতিসংঘ এ বাস্তবতাও এড়িয়ে যাচ্ছে যে পূর্ব গৌতা থেকে রাজধানী দামেস্কে রকেট ও মর্টার হামলা চালানো হচ্ছে এবং এর ফলে ৮০ লাখ মানুষ বিপদের মধ্যে রয়েছেন। খুব শিগগিরই পূর্ব গৌতা পুরোপুরি মুক্ত হবে বলে তিনি জানান।
বাশার আল জাফারি বলেন, সিরিয়ার ভূখণ্ডে কোনো ধরণের সন্ত্রাসী তৎপরতা সহ্য করা হবে না।গত ২৬ ফেব্রুয়ারি থেকে সিরিয়ার সেনাবাহিনী জনগণের সহায়তায় পূর্ব গৌতায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। পূর্ব গৌতা রাজধানী দামেস্কের খুব কাছেই অবস্থিত।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮