'৯/১১-এর বার্ষিকীকে ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধের যৌক্তিকতা হিসেবে ব্যবহার সম্পূর্ণ হাস্যকর'
বিশ্বে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রধান ও মূল লালন-পালনকারী এবং মদদদাতা; তাই সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্ধারণের মানদণ্ড ঠিক করার কোনো নৈতিক বা আইনগত অবস্থান যুক্তরাষ্ট্রের নেই।
শুক্রবার রাতে নিজের এক্স (X) অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, “৯/১১-এর বার্ষিকীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রীর প্রচারিত বয়ান মৌলিক অসংগতিতে পরিপূর্ণ। আপনি একই সঙ্গে আগ্রাসন চালাতে, কাপুরুষোচিত হত্যাকাণ্ড সংঘটিত করতে এবং বেসামরিক মানুষকে হতাহত করতে পারেন না; আবার একচেটিয়াভাবে সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্ধারণ এবং কার সহিংসতা বৈধ তা ঠিক করার অধিকারও দাবি করতে পারেন না।”
তিনি আরও বলেন, ৯/১১-এর হামলাকারীরা ইরানি ছিল না; বরং তারাই ছিল সেইসব ব্যক্তি, যাদেরকে আগের কয়েক দশকে যুক্তরাষ্ট্র নিজেই অস্ত্র দিয়েছে, সংগঠিত করেছে অথবা অন্য কোনোভাবে লালন-পালন করেছে। অথচ মার্কিন নেতৃত্বাধীন পরবর্তী তথাকথিত “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ” আফগানিস্তান ও ইরাককে বহু বছরের যুদ্ধ, দখলদারিত্ব, বেসামরিক মানুষের মৃত্যু এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেয়।
তিনি বলেন, “এই প্রেক্ষাপটে ৯/১১-এর বার্ষিকীকে ইরানের বিরুদ্ধে একটি বেপরোয়া ও অবৈধ যুদ্ধের যৌক্তিকতা হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ হাস্যকর।” তিনি আরও বলেন, “একটি অপরাধমূলক যুদ্ধ—যার মধ্যে একটি সার্বভৌম রাষ্ট্রের কর্মকর্তাদের হত্যা এবং নারী ও শিশুসহ বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করা হয়েছে—সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ভাষায় মোড়ানো মাত্রই নৈতিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে না।” #
পার্সটুডে/এমএআর/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।