‘লেবানন আক্রান্ত হলে ইসরাইলকে চরম শিক্ষা দেয়া হবে’
-
লেবাননের প্রভাবশালী সংসদ সদস্য নাওয়াফ মুসাভি
লেবাননের প্রভাবশালী সংসদ সদস্য নাওয়াফ মুসাভি ইহুদিবাদী ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবানন আক্রান্ত হলে তেল আবিবকে চরম শিক্ষা দেয়া হবে।
ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি সেনাপ্রধানের হুমকির প্রতিক্রিয়ায় মুসাভি আরো বলেছেন, ইহুদিবাদী বাহিনীকে আরেকবার পরাজিত করার জন্য লেবানন প্রস্তুত রয়েছে।
লেবাননের হিজবুল্লাহপন্থি সংসদ সদস্য মুসাভি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল যদি ভেবে থাকে তারা আবার লেবাননের বেসামরিক জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালাতে পারবে তাহলে তেলআবিব ঘোরের মধ্যে রয়েছে।
সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান গাদি এইজেনকোট বলেছেন, চলতি ২০১৮ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়াবে তেল আবিব। তিনি হুমকি দিয়ে বলেন, সম্ভাব্য সে যুদ্ধ পরিচালনার জন্য তিনি প্রস্তুত রয়েছেন।
ইহুদিবাদী সেনাপ্রধান এমন সময় এ হুমকি দিলেন যখন হিজবুল্লাহর বিরুদ্ধে ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পিছু হটতে বাধ্য হয়।
হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এর আগে বহুবার বলেছেন, তেল আবিব যদি আবার কোনো যুদ্ধ শুরু করে তাহলে হিজবুল্লাহ সে যুদ্ধকে ইসরাইলের ভেতরে নিয়ে যাবে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫