ইসরাইলের সঙ্গে আমিরাতের ১০ কোটি ডলার মূল্যের সামরিক চুক্তি
বিশ্ব ইহুদিবাদী সংস্থা ডাব্লুজেডআর-এর সদস্য, লেখক ও সাংবাদিক মাহদি মাজিদ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে সামরিক চুক্তি সই করেছে। এ চুক্তি অনুযায়ী আমিরাত ইসরাইলের অস্ত্র নির্মাণ কোম্পানির কাছ থেকে ১০ কোটি ডলার মূল্যের দেড়শ' কিলোমিটার পাল্লার রকেট ও মারকাবা ট্যাঙ্ক ক্রয় করবে।
দখলদার ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সবার চেয়ে এগিয়ে। এমনকি আমিরাত এ ক্ষেত্রে সৌদিকেও ছাড়িয়ে গেছে এবং বর্তমানে আবুধাবি স্বাভাবিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে তেলআবিবের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা বিস্তারের পদক্ষেপ নিয়েছে। আমিরাত ভালো করেই জানে সারা বিশ্বের মুসলমানরা দখলদার ইসরাইলকে প্রচণ্ড ঘৃণা করে। এ অবস্থায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পদক্ষেপ নিলেও মুসলিম বিশ্বের পক্ষ থেকে যাতে তেমন প্রতিক্রিয়ার সম্মুখীন হতে না হয় সেজন্য আমিরাত বিশেষ কৌশলের আশ্রয় নিয়েছে। এ লক্ষ্যে আমিরাত সরকারিভাবে নয় বরং ব্যবসায়ীদের মাধ্যমে ইসরাইলের সঙ্গে ১০ কোটি ডলার মূল্যের অস্ত্র চুক্তি সই করেছে।
ইসরাইলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদার করা ছাড়াও তাদের সঙ্গে আমিরাতের সামরিক চুক্তি সইয়ের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া। বিশ্ব ইহুদিবাদী সংস্থা ডাব্লুজেডআর'র সদস্য, লেখক ও সাংবাদিক মাহদি মাজিদ এ ব্যাপারে বলেছেন, ইয়েমেন যুদ্ধে সৌদি জোটকে সহযোগিতা করা এই সামরিক চুক্তির প্রধান উদ্দেশ্য।
যাইহোক, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি জোটকে ইসরাইলের সহযোগিতার বিষয়ে এ পর্যন্ত বহু খবরাখবর প্রকাশিত হয়েছে। ইয়েমেনে আগ্রাসন শুরুর প্রথম কয়েক মাসেই খবর বেরিয়েছিল সৌদি জোটের এ আগ্রাসনে ইসরাইল জঙ্গিবিমান, পাইলট, ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করছে। আন্তর্জাতিক বিষয়ক ফরাসি গবেষক ও লেখক তিরি মিসান ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরব ও ইসরাইলের ঘনিষ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করে বলেছেন, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে বাহ্যিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও অবস্থা দেখে মনে হচ্ছে ইসরাইলও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য। কারণ এ পরিষদের বৈঠকে ইসরাইলকেও আমন্ত্রণ জানানো হয়।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন চতুর্থ বছরে গড়িয়েছে। প্রথম থেকেই ইসরাইল সৌদি আরবকে সহযোগিতা দিয়ে আসলেও সম্প্রতি এ সহযোগিতার মাত্রা বহুগুণে বেড়েছে। কারণ সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেন যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে। আর এ অবস্থা থেকে উত্তরণের জন্য ইসরাইলের সহযোগিতা দরকার। বিশ্ব ইহুদিবাদী সংস্থা ডাব্লুজেডআর-এর সদস্য ও সাংবাদিক মাহদি মাজিদ যদিও ইসরাইলের কাছ থেকে আমিরাতের অস্ত্র কেনার কথা ফাঁস করে দিয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল সৌদি জোটকে বহু আগে থেকেই তথ্য ও প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে আসছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৩
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন