অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলি নির্বাচনের নিন্দা জানাল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i65452-অধিকৃত_গোলান_মালভূমিতে_ইসরাইলি_নির্বাচনের_নিন্দা_জানাল_সিরিয়া
অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইল পৌর নির্বাচনের যে আয়োজন করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। দামেস্ক বলেছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে নিজের জবরদখল ও ভূমি দখলদারিত্বকে বৈধতা দিতে চায় তেল আবিব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৮ ০৫:৫৮ Asia/Dhaka
  • অধিকৃত গোলান মালভূমি
    অধিকৃত গোলান মালভূমি

অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইল পৌর নির্বাচনের যে আয়োজন করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। দামেস্ক বলেছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে নিজের জবরদখল ও ভূমি দখলদারিত্বকে বৈধতা দিতে চায় তেল আবিব।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতি সাশা লোরেন্টির কাছে আলাদা আলাদা চিঠি দিয়েছে। ওই দুই প্রতিবাদলিপিতে বলা হয়েছে, সিরিয়ার কাছ থেকে দখল করা গোলান মালভূমিতে নিজের আইন বাস্তবায়ন করে ওই এলাকাকে ইসরাইলের সঙ্গে একীভূত করার নীতি বাস্তবায়ন করছে তেল আবিব।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিবাদলিপিতে বলা হয়, অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। আজ অথবা কাল যেকোনো উপায়ে ওই ভূমিকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করবে সিরিয়া। কাজেই সিরিয়ার এ ভূখণ্ডে ইসরাইলি নির্বাচনের তীব্র নিন্দা জানানো হচ্ছে।  

প্রতিবাদলিপিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করে অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলি পৌর নির্বাচন বন্ধ করতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় গোলান মালভূমির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় তেল আবিব। ১৯৮১ সাল পর্যন্ত ওই ভূখণ্ডকে সামরিক শাসনের আওতায় রাখা হয়। ওই বছর ইহুদিবাদী পার্লামেন্টে আইন পাস করে অধিকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ করা হয় যদিও আন্তর্জাতিক সমাজ এখন পর্যন্ত এ দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১