দায়েশ সন্ত্রাসীদের আবারো নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিল মার্কিন হেলিকপ্টার
-
মার্কিন নেতৃত্বাধীন হেলিকপ্টার
সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কয়েকজন সন্ত্রাসীকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন হেলিকপ্টার। সিরিয়ার পূর্বাঞ্চলীয় হাসাকা ও দেইর আজ-যোর এলাকা থেকে এসব সন্ত্রাসীকে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় কয়েকটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে গতকাল (মঙ্গলবার) সিরিয়ার বার্তা সংস্থা সানাকে বলেছে, হাসাকার আস-সুওয়াইদা গ্রাম থেকে কয়েকজন সন্ত্রাসীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় মার্কিন নেতৃত্বাধীন হেলিকপ্টার। আস-সুওয়াইদা গ্রামটি ইরাক সীমান্তে অবস্থিত।
এছাড়া, সম্প্রতি দেইর আজ-যোর প্রদেশের আস-সুসাহ এলাকা থেকে দায়েশের অন্তত তিন সন্ত্রাসীকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়। এর আগে, গত ৭ অক্টোবর কয়েকটি মার্কিন হেলিকপ্টারে করে আবু কামাল শহরের আস-শাফাহ এলাকা থেকে কয়েকজন সন্ত্রাসীকে অজ্ঞাত স্থানে নেয়া হয়েছিল।
এদিকে, আস-শাফাহ এলাকায় সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন কথিত সামরিক জোট যেসব বিমান হামলা চালিয়েছে তার নিন্দা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই হামলায় ৬০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়।#
পার্সটুডে/এসআইবি/১৪