মধ্যপ্রাচ্যের সর্বত্র ইতিবাচক ঘটনা প্রবাহ বিদ্যমান: প্রেসিডেন্ট আসাদ
-
শনিবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
বর্তমানে মধ্যপ্রাচ্যের সর্বত্র ইতিবাচক ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, সিরিয়া ও ইরাকের বেশিরভাগ শহরে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসার ঘটনা প্রমাণ করছে, এ অঞ্চলের মানুষের ইচ্ছাশক্তি বহিঃশক্তিগুলোর ষড়যন্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
সিরিয়া সফররত ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফালিহ আল-ফাইয়াদের সঙ্গে দামেস্কে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সিরিয়া-ইরাক ঘনিষ্ঠ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট আসাদ বলেন, উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দু’দেশের সম্পর্ক শক্তিশালী হয়েছে।
তিনি দু’দেশের অবশিষ্ট এলাকাগুলো সন্ত্রাসীদের কাছ থেকে মুক্ত করার ক্ষেত্রে দ্বিপক্ষীয় এই সহযোগিতা ধরে রাখার আহ্বান জানান।
সাক্ষাতে ফাইয়াদ বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার বিজয়ের একই সময়ে ইরাকেও জঙ্গিবাদের বিরুদ্ধে সেদেশের জনগণের বিজয় গোটা মধ্যপ্রাচ্যের জন্য সত্যিই ইতিবাচক অগ্রগতি। সম্প্রতি সিরিয়ার মানবিজ শহর পুনরুদ্ধারের ঘটনায়ও সন্তোষ প্রকাশ করেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০