‘মার্কিন সেনা প্রত্যাহার না করলে সিরিয়ায় তুরস্ক অভিযান চালাবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i67245-মার্কিন_সেনা_প্রত্যাহার_না_করলে_সিরিয়ায়_তুরস্ক_অভিযান_চালাবে’
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে আংকারা সামরিক অভিযান চালাবে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১০, ২০১৯ ২০:৫৫ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে আংকারা সামরিক অভিযান চালাবে।  

তুর্কি ভাষার টেলিভিশন চ্যানেল এনটিভি-কে বুধবার দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “তুর্কিরা কুর্দিদের ওপর গণহত্যা চালাবে এমন হাস্যকর অজুহাত দেখিয়ে যদি মার্কিন সেনা প্রত্যাহার বন্ধ করে দেয়া হয় তাহলে আমরা অভিযানের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করব।”

চাভুসওগ্লু পরিষ্কার করে বলেন, আংকারা সরকার তার নিজের পরিকল্পনা সামনে নিয়ে এগুবে। তিনি বলেন, “আমরা ময়দানে এবং আলোচনার টেবিলে দুই জায়গাতেই প্রতিশ্রুতিবদ্ধ। সময়মতো আমরা সিদ্ধান্ত নেব এবং আমরা কারো কাছ থেকে অনুমতি নেব না।”

কুর্দি গেরিলা

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করার আগেই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আমেরিকা সেনা প্রত্যাহার করুক আর নাই করুক- তুরস্ক  কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাবে।  

গত মাসে ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা বলেছেন কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনসহ মার্কিন প্রশাসনের অনেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন। এতে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা কুর্দিদের রক্ষা করতে চান অন্যদিকে তুরস্ক কুর্দিদের চরম শত্রু হিসেবে গণ্য করে।#

পার্সটুডে/এসআইবি/১১