মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান: খাররাজি
ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রধান কামাল খাররাজি বলেছেন, মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান। ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে ইরান নানা ষড়যন্ত্র মোকাবেলা করে আত্মবিশ্বাসের ভিত্তিতে জ্ঞান-বিজ্ঞান ও অর্থনীতিসহ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। কাতারের রাজধানী দোহায় আল-জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
কাতারের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, কিছু বিষয়ে কাতার ও ইরানের মধ্যে নীতিগত অমিল রয়েছে। তবে ইরান কাতারকে যেকারণে সাধুবাদ জানায় তাহলো কয়েকটি দেশের অবরোধের মোকাবেলায় দোহার প্রতিরোধ ও দৃঢ়তা।
তিনি বলেন, ইরান কাতারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে কারণ তেহরান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, হিজবুল্লাহকে আমরা সমর্থন করি কারণ তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। তাদের লড়াইয়ের কারণে ইসরাইল লেবানন থেকে সরে যেতে বাধ্য হয়েছে। মিশরের মতো দেশগুলোর পক্ষেও যা সম্ভব হয় নি। আইএস জঙ্গিরাও লেবাননে ঢুকে যেতে পারতো এবং দেশটির সব খ্রিস্টানকে হত্যা করতে পারতো। কিন্তু হিজবুল্লাহ তাদেরকে ঠেকিয়ে দিয়েছে। এর মাধ্যমে তারা সবার উপকার করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০