রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর চারটি আরব দেশ সফর
https://parstoday.ir/bn/news/west_asia-i68598-রাশিয়ার_পররাষ্ট্রমন্ত্রীর_চারটি_আরব_দেশ_সফর
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল (সোমবার) থেকে কাতার, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সফর শুরু করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০১৯ ১৬:১৬ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল (সোমবার) থেকে কাতার, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সফর শুরু করেছেন।

তিনি প্রথমে কাতার সফরে যান এবং এরপর রিয়াদে সৌদি কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত করেছেন। এরপর তিনি কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে যাবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী এ সফরকালে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে এই চারটি দেশের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলোর মত রাশিয়াও সম্পদশালী এই দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অর্থনীতির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয়। তেল ও গ্যাস সম্পদের অধিকারী পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। সৌদি আরব বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী এবং কাতার সর্ববৃহৎ গ্যাস উৎপাদনকারী দেশ। তাই এ দেশগুলোর সঙ্গে জ্বালানি সম্পর্ক গড়ে তোলা রাশিয়ার অন্যতম উদ্দেশ্য।

রিয়াদে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, "পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে তেলের বাজারে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে মস্কো ও রিয়াদের মধ্যে সমঝোতা হয়েছে।"

পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলোর মতো রাশিয়ারও নজর এখন পশ্চিম এশিয়ার প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ আরব দেশগুলোর জ্বালানি খাত থেকে অর্জিত আয়ের দিকে। রুশ পররাষ্ট্রমন্ত্রী এ সফরকালে এই চারটি আরব দেশের কাছে অস্ত্র বিক্রির চেষ্টা করবেন যাতে মস্কোর অর্থনৈতিক ঘাটতি পুষিয়ে নেয়া যায়। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়ার কাছ থেকে কিছু কিছু অস্ত্র কেনার ব্যাপারে কথাবার্তা চলছে।

এদিকে, রাশিয়া আরব এই দেশগুলোতে পরমাণু বিদ্যুৎ প্রকল্প নির্মাণে পুঁজি বিনিয়োগের চেষ্টা করছে। এ ব্যাপারে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, তার দেশ সৌদি আরবে বেসামরিক উদ্দেশ্যে পরমাণু জ্বালানি প্রকল্পে অংশ নিতে আগ্রহী।

অর্থনৈতিক বিষয়াদি ছাড়াও আরব এ দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরের অন্য উদ্দেশ্যও রয়েছে। আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এবং ফিলিস্তিন-ইসরাইল সংকট নিয়ে আলোচনা করা তার এ সফরের অন্যতম উদ্দেশ্য। সিরিয়ায় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সৌদি আরব ও আমিরাত এমনকি কাতারও গত আট বছর ধরে সিরিয়ার সন্ত্রাসীদের সমর্থন দেয়ার পাশাপাশি সিরিয়ার বৈধ সরকারকে উৎখাত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে এবং আরব দেশগুলো দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে। গত ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত দামেস্কে দূতাবাস খুলেছে।

যাইহোক, সিরিয়া সংকটে জড়ানোর মাধ্যমে একদিকে যেমন পশ্চিম এশিয়ায় রাশিয়ার প্রভাব প্রতিপত্তি বেড়েছে অন্যদিকে এ অঞ্চলের দেশগুলোরও রাশিয়ার ব্যাপারে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।#         

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫