'ইসরায়েল ওয়াশিংটন ও পশ্চিমাদের একটি প্রক্সি বাহিনী'
ইরানের সঙ্গে একা যুদ্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই: আইআরজিসি জেনারেল
-
আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি
পার্সটুডে: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা রাখে না এবং কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই সংঘাতে প্রবেশ করেছিল।
তিনি ইসরায়েলি শাসক-চক্রকে ওয়াশিংটন ও পশ্চিমাদের একটি “প্রক্সি বাহিনী” হিসেবে অভিহিত করে এর সক্ষমতা নাকচ করেছেন।
আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, সাম্প্রতিক সময়ে সিনিয়র কমান্ডারদের নিয়োগ ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি “রূপান্তরমূলক” দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত সবাই ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা এবং সিনিয়রম কমান্ডারদের শাহাদাতের পর যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।
জাভানি বলেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ীর পক্ষ থেকে জারি করা নিয়োগপত্রগুলোতে বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে। তিনি এর উদাহরণ হিসেবে বসিজ বাহিনীর প্রধান হিসেবে হুজ্জাতুল ইসলাম হোসেইন তাইয়েবকে নিয়োগের আদেশে ব্যবহৃত “গোয়েন্দা নেটওয়ার্ক” এবং “প্রত্যেক ইরানি একজন বসিজ”—এই বাক্যাংশগুলোর কথা উল্লেখ করেন। তার মতে, এগুলো ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির উদাহরণ।
তিনি বলেন, মেজর জেনারেল আহমদ ওয়াহিদির নেতৃত্বাধীন আইআরজিসি কমান্ডকে “সর্বোচ্চ প্রতিরোধ-ক্ষমতা” এবং এমন একটি নতুন অবস্থান গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে প্রতিরক্ষামূলক অভিযানও আক্রমণাত্মক রূপ নিতে পারে।
জাভানি বলেন, “আমরা কখনো যুদ্ধ শুরু করার পক্ষ ছিলাম না। কিন্তু যেহেতু আমরা এখন যুদ্ধের মধ্যে রয়েছি এবং শত্রু সুযোগ খুঁজছে, তাই শত্রুর উচিত এসব নিয়োগপত্র ও এর বার্তা থেকে শিক্ষা নেয়া যে আমাদের সশস্ত্র বাহিনী রূপান্তরমূলক পন্থা গ্রহণ করবে।”
তিনি আরও বলেন, “শত্রুকে জানতে হবে, তারা আমাদের বিরুদ্ধে আকস্মিক পদক্ষেপ নিতে এবং আমাদের অপ্রস্তুত অবস্থায় ধরতে পারবে না। বরং সম্ভবত তাদেরই কৌশলগত আকস্মিকতার জন্য প্রস্তুত থাকতে হবে।”
জাভানি বলেন, শত্রুপক্ষের “ভুল হিসাবের” মাধ্যমে শুরু করা আগের যুদ্ধ তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েল কেবল আমেরিকার সমর্থন নিয়েই সংঘাতে প্রবেশ করেছিল।
তিনি বলেন, “ইরানের সঙ্গে যুদ্ধে প্রবেশ করার সক্ষমতা ইহুদিবাদী ইসরায়েলের নেই।” #
পার্সটুডে/এমএএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।