সিরিয়ার টি-৪ বিমানঘাঁটিতে ইসরাইলের হামলা; সেনা নিহত
-
২০১৮ সালের ৯ এপ্রিলও টি-৪ বিমানঘাঁটিতে হামলা করেছিল ইসরাইল
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের টি-৪ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এতে সিরিয়ার এক সেনা নিহত ও দুজন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
সিরিয়ার সামরিক সূত্রও এক সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। সূত্রটি বলেছে, রোববার মাঝরাতের পর এ হামলা হয় এবং এতে দুই সেনা আহত ও একটি অস্ত্র গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলের হামলার সময় সিরিয়ার সেনারা বহুসংখ্যক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
রাজধানী দামেস্কের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর ইহুদিবাদী সেনারা হোমস শহরের টি-৪ বিমানঘাঁটিতে হামলা করল। দামেস্কের হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
এদিকে, আলেপ্পো শহরের কাছে আ’জাজ এলাকায় বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে। এলাকাটিতে তুরস্কের ব্যাপক প্রভাব রয়েছে। কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করে নি।#
পার্সটুডে/এসআইবি/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।