সৌদি আরবের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i73102-সৌদি_আরবের_বিরুদ্ধে_সবচেয়ে_বড়_হামলা_চালিয়েছে_ইয়েমেনি_সেনারা
ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০১৯ ০৩:০২ Asia/Dhaka
  • ইয়েমেনি ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনি ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, গতকাল (রোববার) সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনি বাহিনী স্বল্প পাল্লার দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের বিরুদ্ধে এটি এযাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে তিনি জানান।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনের খবর অনুযায়ী, ইয়েমেনের সেনারা বাদ্‌র-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে জিজান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় যেখানে সৌদি যুদ্ধবিমান এবং অ্যাপাচি হেলিকপ্টার ছিল। এছাড়া, জিজান বিমানবন্দরের বেশকিছু সামরিক স্থাপনায়ও হামলা চালানো হয়েছে।

জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, গতকালের এসব হামলায় বহু হতাহত হয়েছে। সৌদি আরব দাবি করেছে তারা ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইয়েমেনে সেনাবাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি সৌদি আরব তার বর্বর আগ্রাসন অব্যাহত রাখে তাহলে ইয়েমেনের পক্ষ থেকে জবাব আরো ভয়ঙ্কর এবং কঠোর হবে।#

পার্সটুডে/এসআইবি/২৬