ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু সৌদি ভাড়াটে নিহত
-
যিলযাল ক্ষেপণাস্ত্র
ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে। এসব সন্ত্রাসী ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির প্রতি অনুগত।
ইয়েমেনে সামরিক বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের আসির প্রদেশ ভাড়াটে সন্ত্রাসীদের একটি ক্যাম্পে হামলা চালানো হয়। ওই সূত্র জানিয়েছে, ইয়েমেনের সেনারা গতকাল (বৃহস্পতিবার) বিকেলের দিকে যিলযাল ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি ভাড়াটে সেনাদের ওপর হামলা চালায়।
সূত্র জানিয়েছে, অত্যন্ত নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে যার ফলে বহু ভাড়াটে সন্ত্রাসী হতাহত হয়েছে। এর আগে গতকাল দিনের প্রথম ভাগে ইয়েমেনের স্নাইপাররা উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের হারাদ এলাকায় একদল সৌদি সেনার ওপর গুলি চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এছাড়া, উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে সৌদি সমর্থিত এক ডজন গেরিলাকে লক্ষ্য করে ইয়েমেনের যোদ্ধারা বোমা হামলা চালায়। এ হামলায়ও বেশ কয়েকজন সৌদি ভাড়াটে হতাহত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২০