সৌদি বিরোধী অভিযানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইয়েমেনে মিছিল শুরু
সৌদি আরবের বিরুদ্ধে সর্ববৃহৎ সামরিক অভিযানের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা জানিয়ে মিছিল করছে হাজার হাজার ইয়েমেনি। আজ (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানী সানায় মূল কর্মসূচি পালিত হবে। তবে এর আগে সকাল থেকেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে দেশটির সামরিক বাহিনীর সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে শুরু করে।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেছেন, আগ্রাসী শক্তির বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর এ অভিযানে গোটা ইয়েমেনি জাতি গর্বিত। এ ধরণের অভিযানের প্রতি গণসমর্থন রয়েছে বলে তারা জানান। বিক্ষোভকারীরা বলেন, আমরা সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন জানাতে রাস্তায় নেমে এসেছি।
এ সময় বিক্ষোভকারীরা সৌদি আরব, আমেরিকা ও আগ্রাসনে সহযোগিতাকারী দেশগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এছাড়া তাদের হাতে হাতে আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।
সম্প্রতি ইয়েমেনি বাহিনী নাজরানে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে সৌদি আরবের সেনাবাহিনীর তিনটি ব্রিগেড ধ্বংস করে দিয়েছে এবং নাজরানের বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বে আগ্রাসন চলছে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে এ পর্যন্ত লাখ লাখ মানুষ হতাহত ও বাস্তুহারা হয়েছেন।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।