ইরাকে অস্থিতিশীলতা: মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরো ৪,০০০ মার্কিন  সেনা
https://parstoday.ir/bn/news/west_asia-i76348-ইরাকে_অস্থিতিশীলতা_মধ্যপ্রাচ্যে_পাঠানো_হচ্ছে_আরো_৪_০০০_মার্কিন_সেনা
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ এবং হামলার পর মধ্যপ্রাচ্যে আরো চার হাজার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। এর আলোকে আমেরিকার ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় চার হাজার সেনাকে সম্ভাব্য মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে তাদেরকে যেকোনো মুহূর্তে মোতায়েন করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০১, ২০২০ ১১:৪৯ Asia/Dhaka
  • মার্কিন সেনা
    মার্কিন সেনা

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ এবং হামলার পর মধ্যপ্রাচ্যে আরো চার হাজার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। এর আলোকে আমেরিকার ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় চার হাজার সেনাকে সম্ভাব্য মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে তাদেরকে যেকোনো মুহূর্তে মোতায়েন করা হবে।

আমেরিকার প্রতিরক্ষা বিভাগের অন্তত চারজন কর্মকর্তা ফক্স নিউজ টেলিভিশনকে গতকাল (মঙ্গলবার) জানিয়েছেন, এসব সেনাকে আগামী কয়েকদিনের মধ্যে কুয়েতে মোতায়েন করা হবে। চার কর্মকর্তা জানান, এরইমধ্যে অন্তত ৫০০ প্যারাট্রুপার কুয়েতের পথে রওয়ানা দিয়েছে।

এর আগে, গতকাল দিনের প্রথম দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক বিবৃতিতে জানিয়েছেন, অন্তত ৭৫০ প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে দ্রুত মোতায়েনের জন্য পাঠানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার

মার্ক এসপার বলেন, ইমিডিয়েট রেসপন্স ফোর্স বা আইআরএফ’র আরো বাড়তি সেনা মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, বাগদাদে আমরা যা দেখেছি তাতে মার্কিন সেনা এবং দূতাবাস রক্ষার জন্য এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

মঙ্গলবার বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে হাজার হাজার ইরাকি বিক্ষুব্ধ জনতা সমবেত হন এবং দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির একটি কেন্দ্রে মার্কিন বিমান হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। এসব বিক্ষোভকারী ইরাকে মার্কিন দূতাবাস বন্ধ এবং ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য সংসদের কাছে দাবি জানান। এসময় দূতাবাস ভবনের ভেতরে থাকা মার্কিন সেনারা বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ছোঁড়ে। কিন্তু বিক্ষোভকারীরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দূতাবাসের কঠোর নিরাপত্তা ভেঙে এর ওপর চড়াও হন।#

পার্সটুডে/এসআইবি/১