মার্কিন সেনা প্রত্যাহারের ব্যবস্থা করুক আমেরিকা: ইরাকের দাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i76607-মার্কিন_সেনা_প্রত্যাহারের_ব্যবস্থা_করুক_আমেরিকা_ইরাকের_দাবি
ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার পথ বের করার জন্য বাগদাদে একটি প্রতিনিধিদল পাঠাতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১০, ২০২০ ১৯:২৭ Asia/Dhaka
  • ইরাকি প্রধানমন্ত্রী
    ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার পথ বের করার জন্য বাগদাদে একটি প্রতিনিধিদল পাঠাতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিসকে মার্কিন সেনারা হত্যা করার পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে ইরাকের প্রধানমন্ত্রী এ বক্তব্য দিলেন।

আজ (শুক্রবার) ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের জাতীয় সংসদের প্রস্তাব অনুসারে আদিল আব্দুল মাহদি মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে কৌশল ঠিক করার জন্য প্রতিনিধিদল পাঠাতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরাকে মোতায়েন মার্কিন সেনা

ইরাকি প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে গতকাল শেষ বেলায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। তিনি বলেন, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি বিশেষ করে ইরাকি আকাশসীমা লঙ্ঘন করে বিমান হামলার মাধ্যমে জেনারেল সোলাইমানিকে হত্যার ঘটনা বাগদাদ মেনে নিতে পারে না।

বিবৃতিতে বলা হয়েছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের উপায় খুঁজে বের করার জন্য মাইক পম্পেওকে প্রতিনিধিদল পাঠাতে বলেছেন আদিল আব্দুল মাহদি। তিনি বলেছেন, ইরাক সরকারের অনুমতি ছাড়া মার্কিন সেনারা দেশটিতে প্রবেশ করেছে এবং ইরাকের আকাশে তাদের ড্রোন উড়ছে এটি সম্পূর্ণভাবে ইরাকে সঙ্গে করা দ্বিপক্ষীয় চুক্তির লঙ্ঘন।#

পার্সটুডে/এসআইবি/১০