আফগানিস্তান:
কাবুলে বিশ্ববিদ্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা: নিহত ৬ আহত ১২
-
কাবুলে বোমা হামলা
আফগানিস্তানের মার্শাল ফাহিম সামরিক বিশ্ববিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন সকাল ৭টার দিকে সংঘটিত আত্মঘাতী ওই বোমা হামলায় অন্তত ৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। নুসরাত রাহিমি তার নিজস্ব টুইটার পেইজে আরও লিখেছেন নিহতদের মধ্যে ৪ জন সামরিক এবং ২ জন বেসামরিক মানুষ। তিনি আরও বলেন আহতদের মধ্যে ৫ জন ছিলেন সামরিক আর ৭ জন বেসামরিক মানুষ। তবে হতাহতের এই সংখ্যাকে তিনি প্রাথমিক বলে উল্লেখ করেছেন।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরের সত্যতা স্বীকার করে বলেছে নিহতদের মধ্যে ৪জন সেনা এবং ২জন বেসামরিক নাগরিক ছিলেন। এখন পর্যন্ত কেউ ওই হামলার দায়িত্ব স্বীকার করে নি।
আফগানিস্তানের প্রেসিডেন্ট এবং সরকারের নির্বাহী পরিষদের প্রধান এই হামলার ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ বলে মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট আশরাফ গণি বলেন: আফগানিস্তানের জনগণ চায় তাদের দেশে যুদ্ধের সমাপ্তি ঘটুক। আফগান সরকারের নির্বাহী পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে: এই সন্ত্রাসী হামলা নৈতিক, ইসলামি এবং মানবীয় সকল মূল্যবোধের পরিপন্থি।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।