ইসরাইলে করোনায় মৃত ৩১, স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত, মোসাদ প্রধান কোয়ারেন্টাইনে
https://parstoday.ir/bn/news/west_asia-i78750-ইসরাইলে_করোনায়_মৃত_৩১_স্বাস্থ্যমন্ত্রী_আক্রান্ত_মোসাদ_প্রধান_কোয়ারেন্টাইনে
ইহুদিবাদি ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিৎটজম্যান ও তাঁর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইসরাইলি সরকারের সবচেয়ে প্রবীণ এই মন্ত্রী বর্তমানে আইসোলেশনে আছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০২, ২০২০ ০৯:৪০ Asia/Dhaka
  • ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিৎটজম্যান
    ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিৎটজম্যান

ইহুদিবাদি ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিৎটজম্যান ও তাঁর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইসরাইলি সরকারের সবচেয়ে প্রবীণ এই মন্ত্রী বর্তমানে আইসোলেশনে আছেন।

আজ (বৃহস্পতিবার) ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইসরাইলি দৈনিক হারেৎজ এ খবর দিয়েছে। খবরে বলা হয়, বুধবার রাতে আক্রান্ত ৭১ বছর বয়সী স্বাস্থ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে তাঁরা আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে শুরু করেছেন।

দৈনিকটি আরও জানিয়েছে, মন্ত্রীর দেহে করোনাভাইরাস শণাক্ত হওয়ার পর তার উপদেষ্টা এবং স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন এবং জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান মেইর বেন শাব্বাত কোয়ারেন্টাইনে চলে গেছেন। এ দু’জনও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছিলেন।

হারেৎজ জানিয়েছে, ইসরাইলে প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ৬ হাজার ২১১ জন আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ১০৭ জনের অবস্থা গুরুতর।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২