‘বিমান হামলায় দায়েশের নগদ ৮০ কোটি ডলার ধ্বংস হয়েছে’
মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সিরিয়া এবং ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের রিজার্ভ নগদ ৮০ কোটি ডলার অর্থ ধ্বংস হয়ে গেছে। মার্কিন বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল পিটার গারেস্টেন এ কথা জানিয়েছেন।
ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন। ইরাক এবং সিরিয়ায় সব যুদ্ধ অভিযানের দায়িত্বে নিয়োজিত রয়েছেন জেনারেল গারেস্টেন। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট সব দিকে খতিয়ে দেখেছে এবং ধ্বংসপ্রাপ্ত নগদ অর্থের পরিমাণ ৩০ থেকে ৮০ কোটি ডলার বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তিনি জানান, এ অর্থের পরিমাণ ৫০ কোটি ডলার হবে বলে মার্কিন নেতৃত্বাধীন জোট মনে করে।
চলতি মাসের গোড়ার দিকে মার্কিন সেনা বাহিনী ঘোষণা করেছিল ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর মসুলে দায়েশের নগদ অর্থের একটি ভাণ্ডারে সফল হামলা হয়েছিল। এ হামলায় দায়েশের এক গুরুত্বপূর্ণ নেতা নিহত এবং প্রায় ১০ কোটি ডলার নগদ অর্থ ধ্বংস হয়ে গিয়েছিল।#
মূসা রেজা/২৭