এবার ইয়েমেনে সেনা মোতায়েন করবে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i79759-এবার_ইয়েমেনে_সেনা_মোতায়েন_করবে_তুরস্ক
তুরস্ক ইয়েমেনের দক্ষিণ উপকূলে সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। এডেন উপসাগরের বাব আল-মান্দেব প্রণালীতে মূলত তুরস্ক এসব সেনা মোতায়েন করতে চাইছে। তুরস্কের এ পরিকল্পনায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত চিন্তিত হয়ে পড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১০, ২০২০ ১০:২৮ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি জোটের ট্যাংক
    ইয়েমেনে সৌদি জোটের ট্যাংক

তুরস্ক ইয়েমেনের দক্ষিণ উপকূলে সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। এডেন উপসাগরের বাব আল-মান্দেব প্রণালীতে মূলত তুরস্ক এসব সেনা মোতায়েন করতে চাইছে। তুরস্কের এ পরিকল্পনায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত চিন্তিত হয়ে পড়েছে।

আরব উইকলি নামের একটি সাপ্তাহিক জানিয়েছে, মিশরের ইখওয়ানুল মুসলিমিন আন্দোলনের সঙ্গে জড়িত ইয়েমেনের কয়েকজন রাজনৈতিক এবং উপজাতি নেতাকে কাতার সরাসরি অর্থ সহযোগিতা করে থাকে। তাদের সমর্থনে মূলত তুরস্ক ইয়েমেনের দক্ষিণ উপকূলে সেনা মোতায়েন করতে যাচ্ছে।

তুর্কি সেনা

আরব উইকলির খবরে বলা হয়েছে, তুরস্ক বর্তমানে উপকূলীয় সাবওয়া, সকোত্রা এবং আল মাখা এলাকায় সেনা মোতায়েন করবে। ইয়েমেনের একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে আরব উইকলি এ খবর দিয়েছে।

পত্রিকাটির খবরে বলা হয় ইয়েমেনের সাবওয়া এলাকায় মানবিক ত্রাণ তৎপরতার ছদ্মাবরণে তুরস্কের গোয়েন্দা সংস্থা কাজ করছে। তায়িজ প্রদেশের এসব এলাকায় ইখওয়ানুল মুসলিমিনের প্রভাব দিন দিন বেড়ে চলেছে।

আরব উইকলির খবর থেকে ধারণা করা হচ্ছে যে, দক্ষিণ ইয়েমেনে তুরস্ক বৃহত্তর রাজনৈতিক ভূমিকা পালন করতে যাচ্ছে। এ কাজে দেশটিকে সহায়তা করবে স্থানীয় ইখওয়ানুল মুসলিমিনের নেতারা।#

পার্সটুডে/এসআইবি/১০