করোনা মহামারীতে ইরান ও কাতারের মধ্যে পণ্য পরিবহন ব্যয় বেড়েছে তিনগুণ
https://parstoday.ir/bn/news/west_asia-i80311-করোনা_মহামারীতে_ইরান_ও_কাতারের_মধ্যে_পণ্য_পরিবহন_ব্যয়_বেড়েছে_তিনগুণ
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং কাতারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন খরচ তিনগুণ বেড়েছে। ইরান-কাতার চেম্বার অব কমার্সের প্রধান আদনান মুসাপুর গতকাল (শনিবার) এ তথ্য জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩১, ২০২০ ০৩:৫১ Asia/Dhaka
  • ইরান থেকে কাতারে পণ্য পরিবহন করা হচ্ছে
    ইরান থেকে কাতারে পণ্য পরিবহন করা হচ্ছে

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং কাতারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন খরচ তিনগুণ বেড়েছে। ইরান-কাতার চেম্বার অব কমার্সের প্রধান আদনান মুসাপুর গতকাল (শনিবার) এ তথ্য জানান।

তিনি বলেন, যেখানে একসময় কাতার এবং ইরানের মধ্যে বাণিজ্যের পরিমাণ হু হু করে বাড়ছিল সেখানে করোনাভাইরাসের মহামারীর কারণে এখন তা মারাত্মকভাবে কমে গেছে।

২০১৭ সালের জুন মাসে যখন সৌদি আরব এবং তার কয়েকটি মিত্রদেশ কাতারের ওপরে সর্বাত্মক অবরোধ আরোপ করে তখন ইরান ও কাতারের মধ্যে ব্যাপকভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়ে যায়। এর ধারাবাহিকতায় গত ফার্সি বছরে ইরান থেকে কাতারে ৩৩ কোটি ৫০ লাখ ডলারের বিভিন্ন কৃষি পণ্য এবং নির্মাণ সামগ্রী রপ্তানি করা হয়েছে। গত ১৯ মার্চ ফার্সি বছর শেষ হয়েছে। একই সময়ে কাতার থেকে ইরান তিন কোটি ডলার মূল্যের পণ্য কিনেছে।

মুসাপুর বলেন, করোনাভাইরাসের মহামারী যদি দেখা না দিত এবং জাহাজ চলাচল বন্ধ না হতো তাহলে বাণিজ্য ভারসাম্য আরো বেশি ইরানের অনুকূলে থাকতো। তিনি জানান, করোনাভাইরাসের মহামারীর কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বহু ইরানি কোম্পানি কাতারের সাথে লেনদেনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছে।#

পার্সটেুডে/এসআইবি/৩১