ইয়েমেনে এক সপ্তাহে ২০৫ বার বিমান হামলা: সামরিক বাহিনী
-
ইয়াহিয়া সারি
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনী গত এক সপ্তাহে ইয়েমেনে অন্তত ২০৫ বার বোমা বর্ষণ করেছে। গতরাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
ইয়াহিয়া সারি বলেন, মায়ারিব, আলজৌফ, সানা ও সা'দাসহ দেশের বিভিন্ন স্থানে এসব হামলা হয়েছে। তবে এ সময়ের মধ্যে ইয়েমেনি যোদ্ধারাও আগ্রাসী বাহিনীর বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে জবাব দিয়েছে। তারা অন্তত ১০টি অভিযান চালিয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, গত ৯ এপ্রিল থেকে এ পর্যন্ত ইয়েমেনে সৌদি জোট দুই হাজার ৪১ বার বিমান হামলা চালিয়েছে।
মহামারী করোনাভাইরাসের কারণে ইয়েমেনের মানুষ যখন নানা সমস্যার মধ্যে রয়েছে ঠিক তখনি সামরিক হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে সৌদি আরব।
২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।
সৌদি মদদপুষ্ট মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে এ আগ্রাসন শুরু করলেও এখন পর্যন্ত তাতে সফল হতে পারে নি রিয়াদ।#
পার্সটুডে/এএএসএসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।