ইরানের বিরুদ্ধে নয়া মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাল হামাস ও ইসলামি জিহাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i83275-ইরানের_বিরুদ্ধে_নয়া_মার্কিন_নিষেধাজ্ঞার_নিন্দা_জানাল_হামাস_ও_ইসলামি_জিহাদ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২০ ১৫:১৮ Asia/Dhaka
  • ইসমাইল রেজোয়ান
    ইসমাইল রেজোয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা ইসমাইল রেজোয়ান বলেছেন,ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আগ্রাসনের শামিল। ইসলামি ইরান ও প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল করে ডিল অব দ্য সেঞ্চুরি নামের ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া ইসলামি জিহাদ আন্দোলনের নেতা দাউদ শাহাব বলেছেন, আমেরিকা যে বিশ্বব্যাপী গুণ্ডামি করছে তার সর্বশেষ প্রমাণ হচ্ছে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক সব বিধিবিধান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উপেক্ষা করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

হামাস ও ইসলামি জিহাদ আমেরিকার ইরান বিরোধী তৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার ওপর জোর দিয়েছে।

গতকাল (সোমবার) ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য অভিযুক্ত করে এ নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন।

তিনি এক বিবৃতিতে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে ওই বিশ্ব সংস্থার সবগুলো নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে ব্যর্থ হওয়ার  পর এ পদক্ষেপ নিল ওয়াশিংটন; যদিও ট্রাম্প মুখে একথার স্বীকারোক্তি দেননি।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।