আরব আমিরাতের কাছে এমকিউ-৯বি ড্রোন বিক্রি করছে আমেরিকা
-
মার্কিন নির্মিত
সংযুক্ত আরব আমিরাতের কাছে এমকিউ-৯বি ড্রোন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। বিষয়টি কংগ্রেসকে জানিয়ে এরইমধ্যে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে অনানুষ্ঠানিক নোটিশ দিয়েছে।
নোটিশে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে এক ডজনেরও বেশি অত্যাধুনিক এমকিউ নাইন-বি ড্রোন বিক্রি করার পরিকল্পনা নেয়া হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের দুই মাসেরও কম সময়ের মধ্যে ১৮টি ড্রোন পেতে যাচ্ছে আবুধাবি। এই ১৮টি ড্রোনের জন্য সংযুক্ত আরব আমিরাত আমেরিকাকে ২৯০ কোটি ডলার মূল্য পরিশোধ করবেন।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ১৮টি ড্রোন বিক্রির ব্যাপারে কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় তথ্য জানিয়েছে ট্রাম্প প্রশাসন। সম্ভাব্য বিক্রির বিষয়ে প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদেরকে ব্রিফ করার পর কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেবে মার্কিন প্রশাসন। আনুষ্ঠানিক নোটিশের পর কংগ্রেস ৩০ দিন সময় পাবে। এরমধ্যে তাদেরকে এই ড্রোন বিক্রির ব্যাপারে কোন আপত্তি থাকলে তা জানাতে হবে।
সূত্রগুলো বলছে কংগ্রেসকে অনানুষ্ঠানিক নোটিশে ১৫টি ড্রোনের কথা বলা হয়েছে। তবে প্রয়োজন হলে আরো তিনটি ড্রোন বেশি দেয়া হবে।#
পার্সটুডে/এসআইবি/৬