পশ্চিমা মদদে যুদ্ধের মধ্যে ইরানি সমর্থনে কৃতজ্ঞতা জানালো ইয়েমেন
-
হিশাম শারাফ আবদুল্লাহ
যুদ্ধকবলিত ইয়েমেনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ আবদুল্লাহ। এছাড়া, ইরান এই যুদ্ধ অহেতুক প্রলম্বিত করছে বলে বিভিন্ন মহল থেকে যে অভিযোগ তোলা হয়েছে তাও নাকচ করে দেন তিনি।
লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ককে গতকাল (বুধবার) হিশাম শারাফ বলেন, “ইরান হচ্ছে ভ্রাতৃপ্রতীম দেশ যারা নানা পর্যায়ে আমাদেরকে সাহায্য করেছে। আমরা ইরানি জনগণ ও দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরো বলেন, “আমাদের বিষয়ে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে থাকি। সেক্ষেত্রে ইরান এই যুদ্ধ প্রলম্বিত করছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।”
হিশাম শারাফ আবদু্ল্লাহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত, তার দলই সৌদি সরকারকে ইয়েমেনে আগ্রাসন চালানোর মদদ দিয়েছিল। এখন হয়তো সেই ভুল সংশোধনের চেষ্টা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
হিশাম শারাফ বলেন, ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার শান্তি চায় কিন্তু সবার আগে আস্থার পরিবেশ গড়ে তোলা এবং সৌদি আগ্রাসন বন্ধ করা দরকার। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো রাজনৈতিক আলোচনা শুরুর আগে ইয়েমেনের ওপর অবশ্যই বিমান হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার করতে হবে।#
পার্সটুডে/এসআইবি/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।