ইরানের ঋণ পরিশোধের কাজ শিগগিরই শুরু হবে: ইরাকের পররাষ্ট্রমন্ত্রী
-
ফুয়াদ হোসেন (বামে) ও আলী শামখানি (ডানে)
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন বলেছেন, ইরানের ঋণ পরিশোধের কাজ শিগগিরই শুরু হবে। আজ (শনিবার) রাজধানী তেহরানে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তেহরানে পৌঁছে আলী শামখানির সঙ্গে বৈঠকে বসেন এবং তার দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, তার দেশকে বহু বছর ধরে সন্ত্রাসবাদ ও অনিরাপত্তার মধ্যে কাটাতে হয়েছে। এ কারণে তারা নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
এ সময় তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের পাওনা পরিশোধে বিলম্ব হয়েছে। তবে সম্প্রতি দুই দেশের কর্মকর্তারা এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। দুই দেশের প্রচেষ্টায় কিছু বাধাও দূর হয়েছে। দুই দেশ মিলে পাওনা পরিশোধের বিষয়ে যে প্রক্রিয়া অনুমোদন করেছে তা মেনেই বাগদাদ ঋণ পরিশোধ করবে বলে তিনি জানান।
এ সময় ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেন, এই অঞ্চলে দায়েশ বা আইএস সন্ত্রাসীদেরকে আবারও সক্রিয় হয়ে ওঠার অনুমতি দেওয়া হবে না।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন আজ তেহরান সফর শুরু করেছেন। এরিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গেও তার বৈঠক হয়েছে।#
পার্সটুডে/এসএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।