লেবাননের স্থানীয় নির্বাচনে হিজবুল্লাহ ও মিত্রদের বিশাল বিজয়
লেবাননের স্থানীয় নির্বাচনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও তার মিত্ররা বিশাল বিজয় লাভ করেছে। লেবাননের পূর্বাঞ্চলে এ বিজয়ের মাধ্যমে হিজবুল্লাহর প্রতি জনগণের সমর্থন পরিষ্কার হয়েছে। প্রতিবেশী সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়ার কারণে হিজবুল্লাহর জনপ্রিয়তা অনেক বেড়েছে বলে মনে করা হচ্ছে।
হিজবুল্লাহর উপ প্রধান শেখ নাঈম কাসেম আজ (সোমবার) জানিয়েছেন, বেকা উপত্যকার পৌর নির্বাচনে ৮০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় সবগুলোতেই তাদের প্রার্থী জিতেছেন। ১৪৩টি আসনের মধ্যে হিজবুল্লাহ ও মিত্ররা ৮০টি আসনে প্রার্থী দিয়েছিল। একে তিনি পূর্ণাঙ্গ বিজয় বলে মন্তব্য করেছেন। বেকা উপত্যকা সিরিয়া সীমান্তের কাছেই অবস্থিত। বেকা উপত্যকায়ও হিজবুল্লাহ যোদ্ধারা মাঝেমধ্যেই উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে।
শেখ নাঈম কাসেম জানান, প্রতিদ্বন্দ্বীরা খ্যাতিসম্পন্ন পরিবারগুলোর সমর্থনে বেকা উপত্যকার মাত্র ৬টি এলাকায় আসন পেয়েছে।
রাজধানী বৈরুতেও পৌর নির্বাচন হয়েছে এবং প্রাথমিক ফলাফল অনুসারে সেখানে সাদ হারির নেতৃত্বাধীন পশ্চিমাপন্থি জোট বিজয়ী হয়েছে। তবে রাজধানীতে মাত্র ২০ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, পূর্ব লেবাননে ভোট পড়েছে শতকরা ৪৮ ভাগ।#
সিরাজুল ইসলাম/৯