আমেরিকার ১০০ পরমাণু স্থাপনা অনিরাপদ
আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের ৯৬টি পরমাণু স্থাপনা অনিরাপদ। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে- সন্ত্রাসবাদ ও অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে এসব পরমাণু স্থাপনা অনিরাপদ হয়ে উঠেছে।
আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমিস অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন এ গবেষণা পরিচালনা করেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ৯৬টি পরমাণু স্থাপনার ব্যবহার করা চুল্লিদণ্ড মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে অবজ্ঞা করা হলে মার্কিন অর্থনীতির জন্য ৭০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব চুল্লি ক্যান্সারের কারণ হতে পারে এবং নিউ জার্সি অঙ্গরাজ্যের চেয়েও বড় একটি এলাকা থেকে ৩৫ লাখ লোককে সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে।
গত ২০ মে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটির নাম দেয়া হয়েছে- “লেসন্স লার্নড ফ্রম দ্যা ফুকুশিমা নিউক্লিয়ার অ্যাকসিডেন্ট ফর ইমপ্রুভিং সেইফটি অ্যান্ড সিকিউরিটি অব ইউএস নিউক্লিয়ার প্ল্যান্ট”। ২০১১ সালে ভয়াবহ সুনামিতে জাপানের ফুকুশিমা পরমাণু স্থাপনায় বিপর্যয় দেখা দেয়ার পর মার্কিন কংগ্রেস আমেরিকার পরমাণু স্থাপনার নিরাপত্তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার নির্দেশ দেয়। তারই দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রকাশ করা হলো এবার।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫