ক্যালিফোর্নিয়ায় বন্দুক সহিংসতায় নিহত ৬, কেউ গ্রেফতার হয় নি
https://parstoday.ir/bn/news/world-i106132-ক্যালিফোর্নিয়ায়_বন্দুক_সহিংসতায়_নিহত_৬_কেউ_গ্রেফতার_হয়_নি
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতায় অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছে। ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোতে রোববার রাত ২টার সময় ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে এখনও গ্রেফতার করতে পারে নি পুলিশ। তবে একজন সন্দেহভাজনকে বিশেষ গুরুত্ব দিয়ে খোঁজা হচ্ছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ০৪, ২০২২ ১৬:৫০ Asia/Dhaka
  • ক্যালিফোর্নিয়ায় বন্দুক সহিংসতায় নিহত ৬, কেউ গ্রেফতার হয় নি

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতায় অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছে। ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোতে রোববার রাত ২টার সময় ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে এখনও গ্রেফতার করতে পারে নি পুলিশ। তবে একজন সন্দেহভাজনকে বিশেষ গুরুত্ব দিয়ে খোঁজা হচ্ছে।

গভীর রাতে বার ও নাইটক্লাবগুলো যখন বন্ধ হচ্ছিল তখনই এই বন্দুক হামলা হয়। স্যাক্রামেন্টোর পুলিশ প্রধান ক্যাথি লেস্টার বলেন, গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌছায় পুলিশ। সেখানে গিয়ে তারা ৬টি লাশ উদ্ধার করে। নিহতদের তিনজন নারী এবং তিনজন পুরুষ।

ঘটনাস্থলে থাকা ১৮ বছর বয়সী কেলসি শার জানান, গুলি চলার সময় তিনি পাশের একটি হোটেলের ৪র্থ তলায় ছিলেন। শব্দ শুনে তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, একজন হামলাকারী বন্দুক হাতে দৌড়াচ্ছে এবং গুলি করছে। অন্ধকারের মধ্যেও ওই বন্দুক থেকে গুলির ফ্ল্যাশ দেখতে পাচ্ছিলেন তিনি।

তবে হামলাকারী একজন ছিলেন, নাকি একাধিক- তা নিশ্চিত নয় পুলিশ কর্তৃপক্ষ। তারা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে হামলাকারীর বিবরণ জানার চেষ্টা করছে। এই হামলাকে জটিল অবস্থা বলে বর্ণনা করেছেন পুলিশ প্রধান। হামলাকারী সম্পর্কে তথ্য জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।#

পার্সটুডে/এসআইবি/৪