বিমান আটকের সঙ্গে আইআরজিসি'র সম্পর্ক নেই: আর্জেন্টিনার প্রেসিডেন্ট
-
আলবার্তো ফার্নান্দেজ
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, ভেনিজুয়েলার বিমান আটকের সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কোনো সম্পর্ক নেই। তিনি দেশটির রেডিও-টেন এর সঙ্গে এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আরও বলেছেন, আর্জেন্টিনায় যে কার্গো বিমানটি অবতরণ করেছে তাতে ইরান ও আর্জেন্টিনার নাগরিকরা ক্রু হিসেবে ছিলেন। এই বিমান অবতরণের সঙ্গে আইআরজিসি'র কোনো সম্পর্ক নেই। এই বিমানের একমাত্র সমস্যা ছিল জ্বালানি সংগ্রহ সংক্রান্ত।
এর আগে আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী আনিবাল ফার্নান্দেজ বলেছেন, ভেনিজুয়েলার যে বিমানটি আটক করা হয়েছে তা কার্গো বিমান। এতে ১৯ জন ক্রু ছিলেন। তাদের কেউই আইআরজিসি'র সদস্য নন।
সম্প্রতি আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স বিমান বন্দরে ভেনিজুয়েলার একটি বিমান আটক করা হয়। এই খবর প্রকাশের পর থেকেই ইরানবিরোধী কিছু মহল এই বিমানের সঙ্গে ইরানকে জড়িয়ে খবর প্রচার করতে থাকে। প্রথমে তারা দাবি করে, আটক বিমানটি ইরানের 'মাহান' এয়ারলাইন্সের। এরপর দাবি করা হয়, বিমানের ক্রুদের মধ্যে আইআরজিসি'র একজন সদস্য রয়েছেন।
এমন দাবির পরিপ্রেক্ষিতে ইরানের 'মাহান' এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনায় তাদের কোনো বিমান আটক হয়নি। যে বিমানটি আটক করা হয়েছে তা এক সময় 'মাহান' এয়ারলাইন্সের ছিল। কিন্তু অনেক আগেই তা ভেনিজুয়েলার একটি কোম্পানির কাছে ভাড়া দেওয়া হয়েছে।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।