ট্রাম্পের মুসলিম বিরোধী নীতির নিন্দা জানালেন মার্কিন রাবাই
https://parstoday.ir/bn/news/world-i11746-ট্রাম্পের_মুসলিম_বিরোধী_নীতির_নিন্দা_জানালেন_মার্কিন_রাবাই
কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জানাজা ও দাফন অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় মার্কিন রাজনৈতিক বিশ্লেষক এবং রাবাই মাইকেল লার্নার গতকাল (শুক্রবার) রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কড়া নিন্দা জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ১১, ২০১৬ ১৩:১৭ Asia/Dhaka
  •  ট্রাম্পের মুসলিম বিরোধী নীতির নিন্দা জানালেন মার্কিন রাবাই

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জানাজা ও দাফন অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় মার্কিন রাজনৈতিক বিশ্লেষক এবং রাবাই মাইকেল লার্নার গতকাল (শুক্রবার) রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কড়া নিন্দা জানিয়েছেন।

আমেরিকায় মুসলমানদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে এর আগে ডোনাল্ড ট্রাম্প যে বিতর্কিত মন্তব্য করেছেন এর তীব্র সমালোচনা করেছেন লার্নার।

ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, কিছু সংখ্যক মানুষের জন্য রাজনীতিবিদ বা কেউ যদি মুসলমানদেরকে অবমূল্যায়ন করে এবং তাদেরকে দায়ী করেন তাহলে আমরা তা বরদাশত করব না। রাবাই বলেন, তিনি ১৯৬০ সালে মোহাম্মদ আলীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। ভিয়েতনামে আমেরিকার অন্যায় যুদ্ধের বিরোধীতা করায় তাদের দুই জনকেই মার্কিন সরকারের শাস্তি পেতে হয়েছিল বলে জানান তিনি।

লার্নার বলেন, 'মোহাম্মদ আলীর মাঝে এমন কিছু ছিল যা ভিন্ন মাত্রার। যখন তিনি একজন মুষ্টিযোদ্ধা হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছিলেন তখন তিনি ভিয়েতনাম যুদ্ধের বিরোধীতা করেন এবং যুদ্ধে যেতে অস্বীকৃতি জানান।'

মুহাম্মদ আলীর জানাজায় অংশ নেয়ার সপক্ষে রাবাই বলেন, আমেরিকার ইহুদিদের একজন প্রতিনিধি হিসেবে এবং সারা বিশ্বের মুসলমানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি।

এছাড়া, মার্কিন সমাজে বিভিন্ন শ্রেনীর আয়ের ক্ষেত্রে নানা অসংগতি, বিভিন্ন দেশে ড্রোন হামলা, নির্যাতন, গণহারে মানুষকে কারাগারে পাঠানো এবং রাজনীতিতে অর্থের ছড়াছড়ির বিরুদ্ধেও লার্নার কথা বলেন।#

 

পার্সটুডে/বাবুল আখতার/১১