মার্কিন ক্লাবে গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০; জরুরি অবস্থা ঘোষণা
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর একটি গে নাইট ক্লাবে গোলাগুলির ঘটনায় নিহতরে সংখ্যা বেড়ে অন্তত ৫০- এ দাঁড়িয়েছে। অরল্যান্ডোর মেয়র জানিয়েছেন, শহরে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান জন মিনা হত্যার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিতে আহত আরো ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে এক ব্যক্তি ক্লাবে ঢুকে অ্যাসাল্ট রাইফেল ও হ্যান্ডগান দিয়ে এলোপাথাড়ি গুলি চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীকে পুলিশ গুলি করে হত্যা করেছে। পুলিশ বলছে, ধরণ দেখে মনে হচ্ছে এটি সংগঠিত হামলা এবং হামলাকারী প্রস্তুতি নিয়েই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অরল্যান্ডো কর্তৃপক্ষ বলছে, দেশীয় সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। তবে সর্বশেষ খবরে বলা হচ্ছে- প্রশাসন হত্যাকারীকে মুসলিম বলে চিহ্নিত করেছে।
হামলার ঘটনা সম্পর্কে পুলিশ কর্মকর্তা জন মিনা বলেছেন, অস্ত্রধারী ব্যক্তি দৌড়ে ক্লাবের ভেতের ঢুকে পড়ে এবং লোকজনকে অনেকটা পণবন্দী করে ফেলে। পরে বহু পুলিশ সেখানে অভিযান চালায় এবং একটি ট্যাংক দিয়ে হোটেলের দরজা ভেঙে ফেলা হয়। এ অভিযানের সময় হামলাকারী নিহত হয়েছে। পুলিশ অভিযানে ৩০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান মিনা। স্থানীয় লোকজনকে ঘটনাস্থলে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে পুলিশ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২