কিমের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল: উ. কোরিয়া
-
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
উত্তর কোরিয়া বলেছে, দেশটির নেতা কিম জং উনের ওপর মার্কিন সরকারের আরোপ করা নিষেধাজ্ঞা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। মার্কিন সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়ারও অঙ্গীকার ব্যক্ত করেছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমেরিকা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিকৃষ্টতম শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে এবং “প্রকাশ্য যুদ্ধ ঘোষণা” করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এ খবর দিয়েছে।
এর আগে, আজই (বৃহস্পতিবার) উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। মানবাধিকার লঙ্ঘনের কথিত অভিযোগে কিমসহ উত্তর কোরিয়ার ১১ জনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় কিমের কোনো সম্পদ বা সম্পত্তি থাকলে তা জব্দ করা হবে। এ ছাড়া, মার্কিন নাগরিকরা কিমসহ নিষেধাজ্ঞার কবলে থাকা অন্যদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭