‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনে আনুষ্ঠানিক চুক্তি করল ওয়াশিংটন- সিউল
https://parstoday.ir/bn/news/world-i13978-থাড’_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা_মোতায়েনে_আনুষ্ঠানিক_চুক্তি_করল_ওয়াশিংটন_সিউল
কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি করেছে ওয়াশিংটন এবং সিউল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিয়ংইয়ং’র কথিত হুমকি মোকাবেলার জন্য এই ব্যবস্থা মোতায়েন করা হবে বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ০৮, ২০১৬ ০৮:৩২ Asia/Dhaka
  • এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চলছে(ফাইল ছবি)
    এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চলছে(ফাইল ছবি)

কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি করেছে ওয়াশিংটন এবং সিউল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিয়ংইয়ং’র কথিত হুমকি মোকাবেলার জন্য এই ব্যবস্থা মোতায়েন করা হবে বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে।

ওয়ারহেড বা বোমাবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার শেষ পাঁচ মিনিট থার্মাল ফেজ নামে পরিচিত। থাড দিয়ে এ পর্যায়েও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আঘাত হানা এবং পুরোপুরি ধ্বংস করা যায়।

যৌথ বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, কেবল মাত্র উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করতে এ ব্যবস্থা মোতায়েন করা হবে। আগামী বছরের শেষ নাগাদ ‘থাড’ ব্যবস্থা কার্যকর হবে উল্লেখ করে এতে বলা হয়,এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের স্থান নির্বাচন চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।

এর আগে কোরিয় উপদ্বীপে সম্ভাব্য ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে আমেরিকার প্রতি যৌথ হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন এবং রাশিয়া। ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে তাতে কৌশলগত ভারসাম্য নষ্ট হবে এবং অস্ত্র প্রতিযোগিতা বাড়বে বলে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

 

এ ছাড়া, যুদ্ধবিরোধী মার্কিন সাংবাদিক ব্রুস গাওন ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এর আগে বলেছেন, চীন ও রাশিয়ার বিরুদ্ধে প্রথম পরমাণু হামলা চালানোর পরিকল্পনার অংশ হিসেবেই দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৮