ইরানে বিদেশি হস্তক্ষেপের কঠোর নিন্দা জানাল জাতিসংঘ সনদের ফ্রেন্ডস গ্রুপ
https://parstoday.ir/bn/news/world-i156184-ইরানে_বিদেশি_হস্তক্ষেপের_কঠোর_নিন্দা_জানাল_জাতিসংঘ_সনদের_ফ্রেন্ডস_গ্রুপ
পার্সটুডে- জাতিসংঘ সনদের সমর্থক দেশগুলোর জোট গ্রুপ অব ফ্রেন্ডস ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৬ ১৬:১২ Asia/Dhaka
  • জাতিসংঘ
    জাতিসংঘ

পার্সটুডে- জাতিসংঘ সনদের সমর্থক দেশগুলোর জোট গ্রুপ অব ফ্রেন্ডস ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে।

পার্সটুডে’র খবরে বলা হয়েছে, এই গ্রুপের সদস্য দেশগুলো আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানিকে জাতিসংঘ সনদের নীতি ও উদ্দেশ্যের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে এবং এসব অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

এই বিবৃতিতে গ্রুপটি বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসী সংগঠনগুলোর মাধ্যমে ইরানের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ও হামলার তীব্র নিন্দা জানায় এবং বেসামরিক নাগরিকদের বিশেষ করে শিশুদের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হতাহত হওয়া ও সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতির শেষাংশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের সঙ্গে পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং এর মহাসচিবের প্রতি এই আহ্বান জানিয়েছে যে, তারা যেন জাতিসংঘ সনদের পরিপন্থী ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে স্পষ্ট ও দ্ব্যর্থহীন অবস্থান নেয়।

জাতিসংঘ সনদের সমর্থক দেশগুলোর জোট গ্রুপ অব ফ্রেন্ডস-এর সদস্য দেশ ১৭টি। এগুলোর মধ্যে কয়েকটি হলো- ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া, চীন, আলজেরিয়া, কিউবা, ভেনেজুয়েলা, ফিলিস্তিন, নিকারাগুয়া, উগান্ডা, বেলারুশ, বলিভিয়া ও জিম্বাবুয়ে।#

পার্সটুডে/এসএ/১৮