ইরানের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির বিরোধিতা করেছেন মার্কিন আইনপ্রণেতা
https://parstoday.ir/bn/news/world-i157204-ইরানের_বিরুদ্ধে_উত্তেজনা_বৃদ্ধির_বিরোধিতা_করেছেন_মার্কিন_আইনপ্রণেতা
পার্সটুডে-একজন মার্কিন আইনপ্রণেতা স্পষ্টভাবে ইরানের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন: যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের, মার্কিন প্রেসিডেন্টের এমন অধিকার নেই।
(last modified 2026-02-21T09:33:36+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১৫:৫১ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য ডোয়াইট ইভান্স
    মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য ডোয়াইট ইভান্স

পার্সটুডে-একজন মার্কিন আইনপ্রণেতা স্পষ্টভাবে ইরানের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন: যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের, মার্কিন প্রেসিডেন্টের এমন অধিকার নেই।

ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য ডোয়াইট ইভান্স শুক্রবার সকালে সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ ঘোষণা করেছেন, তিনি ইরানের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতা করেন। মার্কিন সংবিধানের নীতিমালার কথা উল্লেখ করে তিনি বলেছেন: "আমি ইরানের বিরুদ্ধে ট্রাম্পের বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির তীব্র বিরোধিতা করি। যুদ্ধ ঘোষণা করার অধিকার আছে কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়।" এই বিবৃতিগুলো এমন এক সময় এলো যখন ওয়াশিংটনের কিছু কিছু রাজনৈতিক গোষ্ঠি ইরানের বিরুদ্ধে চাপ এবং সংঘাতমূলক পন্থা বাড়ানোর চেষ্টা করছে।

ইভান্স ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্নার দ্বিদলীয় যুদ্ধ ক্ষমতার খসড়া   উপস্থাপনের প্রস্তাবকেও সমর্থন করেছেন। এই প্রস্তাব এমন একটি পরিকল্পনা যার লক্ষ্য যুদ্ধক্ষেত্রে প্রেসিডেন্টের একতরফা পদক্ষেপ সীমিত করা এবং ইরানের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধি রোধ করা। তিনি জোর দিয়ে বলেন, "উত্তেজনা বৃদ্ধি রোধে" তিনি এই প্রস্তাবকে সমর্থন করবেন।

একই প্রেক্ষাপটে, কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি "থমাস ম্যাসি" একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন: "কংগ্রেসকে সংবিধান অনুসারে যুদ্ধের পক্ষে ভোটাভুটি করতে হবে।" তিনি আরও বলেন, রু খান্নার সাথে তিনি যত তাড়াতাড়ি সম্ভব প্রতিনিধি পরিষদে এই ভোটাভুটি করতে চান এবং স্পষ্ট করে বলেছেন যে তার ভোটের অর্থ পশ্চিম এশিয়া অঞ্চলে আরও যুদ্ধের বিরোধিতা করা।

সাম্প্রতিক দিনগুলোতে, উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন আইন প্রণেতা ইরানের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তারা বিশ্বাস করেন যে, ইরানের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আমেরিকার জনগণের ওপর তার ব্যাপক প্রভাব পড়তে পারে।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।