ইমাম খামেনেয়ীর শাহাদাতে বিভিন্ন সংগঠনের প্রতিক্রিয়া:
‘ইরানের সর্বোচ্চ নেতার পবিত্র রক্ত জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে শক্তি যোগাবে’
-
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
পার্সটুডে: ইসরায়েল-মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শহীদ হবার পর এ অঞ্চলের বিভিন্ন দেশের কর্মকর্তারা এবং প্রতিরোধ সংগঠনরে নেতারা তাদের শোকবার্তায় ইরানের জনগণ এবং মুসলিম উম্মাহকে সমবেদনা জানিয়েছেন।
পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের আসনারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দফতর আজ এক বিবৃতিতে এ ঘটনায় ইরানের সরকার ও জনগণকে সমবেদনা জানিয়ে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি জানবাজি রেখে মার্কিন নেতৃত্বে শয়তানি শক্তি, জুলুমবাজ ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বহু বছর ধরে জিহাদ করে এসেছেন কিন্তু কখনো তিনি এই জিহাদ থেকে সরে দাঁড়াননি। তার এই চেতনা আমাদের সবার জন্য বড় শিক্ষা এবং সবসময় মুক্তিকামী মানুষের আশার প্রদীপ হয়ে ছিল এবং থাকবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার এই পবিত্র রক্ত জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে শক্তি যোগাবে এবং আমরা বিশ্বাস করি আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে খুব দেরি নেই।
আয়াতুল্লাহিল খামেনেয়ী ধৈর্য ও দৃঢ়তার প্রতীক ছিলেন: আম্মার হাকিম
ইরাকের ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ বা সাইরি আন্দোলনের নেতা সাইয়্যেদ আম্মার হাকিম এক বিবৃতিতে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর শাহাদাতে মুসলিম উম্মাহ এবং বিশ্বের সকল সত্যপথের অনুসন্ধানকারীদেরকে সমবেদনা জানিয়েছেন। তিনি তার বরকতপূর্ণ জীবনে ধর্ম ও মুসলিম উম্মাহর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন।
আম্মার হাকিম তার বিবৃতিতে আরো বলেন, কল্যাণ এবং হকের পথ চলা কখনো বন্ধ হবে না এবং শহীদ আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ধর্ম ও মানবতার খেদমতে যে পথ দেখিয়ে গেছেন তা চিন্তাশীল ও মুমিন মানুষের হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে।
ইরাকের সাদর আন্দোলনের নেতা মোক্তাদা সাদরও এক শোকবার্তায় আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর শাহাদাতের ঘটনায় সমগ্র মুসলিম বিশ্বকে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আমি মহান আল্লাহার কাছে এই বিপ্লবী নেতার জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করছি। মোক্তাদা সাদর ইরাকে তিন দিনের শোক ঘোষণা করেছেন। এরই মধ্যে নাজাফ, কারবালাসহ ইরাকের বহু শহরে ছুটি ঘোষণা করা হয়েছে।

'শীর্ষ নেতাদের হত্যা করে মুসলিম উম্মাহর ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখা যাবে না'
ফিলিস্তিন মুজাহেদিন আন্দোলন এই পবিত্র রমজান মাসে ইসরায়েল-মার্কিন সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতে শোক প্রকাশ করে বলেছেন, তিনি দশকের পর দশক ধরে মজলুম জনগণ বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি বলিষ্ঠ সমর্থন দিয়ে এসেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রসহ সব সাম্রাজ্যবাদী শক্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন।#
পার্সটুডে/এমআরএইচ/এমএআর/১