তুরস্কে বরখাস্ত হলো আরো ১,৪০০ সেনা
-
গার্ড-অব-অনার পরিদর্শন করছেন তুর্কি প্রেসিডেন্ট
তুরস্ক আরো প্রায় এক হাজার ৪০০ সেনাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসরত বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলানের সঙ্গে যোগসাজশ থাকার দায়ে এ সব সেনাকে বরখাস্ত করা হয়। তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থান প্রচেষ্টার জন্য গুলানকে দায়ী করছে আঙ্কারা।
তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু পরিবেশিত খবর বলা হয়েছে, উচ্চ পদস্থ কয়েকজন সেনা কর্মকর্তাসহ ১,৩৮৯ সেনাকে বরখাস্ত করা হয়েছে। অবশ্য খবরে বিস্তারিত আর কিছু জানানো হয় নি।
এর আগে তুরস্ক ১৪৯ জেনারেল ও অ্যাডমিরালসহ ১,৬৮৪ সেনাকে বরখাস্ত করেছিল।
গুলেনের সঙ্গে সম্পর্ক থাকাকে কেন্দ্র করে তুরস্কে এ পর্যন্ত ৬০ হাজার ব্যক্তিকে আটক, বরখাস্ত বা চাকুরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে দেশটির সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচারক এবং স্কুল শিক্ষক রয়েছেন।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৩১