ইরানের বিরুদ্ধে  ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমাতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস
https://parstoday.ir/bn/news/world-i160668-ইরানের_বিরুদ্ধে_ট্রাম্পের_যুদ্ধক্ষমতা_কমাতে_মার্কিন_সিনেটে_প্রস্তাব_পাস
পার্সটুডে-মঙ্গলবার মার্কিন সিনেটে এমন একটি প্রস্তাব (রেজোলিউশন) পাস হয়েছে, যার ফলে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমে গেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ২৪, ২০২৬ ১৪:৫৯ Asia/Dhaka
  • মার্কিন সিনেট
    মার্কিন সিনেট

পার্সটুডে-মঙ্গলবার মার্কিন সিনেটে এমন একটি প্রস্তাব (রেজোলিউশন) পাস হয়েছে, যার ফলে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমে গেছে।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন সিনেট একটি প্রস্তাব অনুমোদন করেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

এই প্রস্তাবটি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে একটি রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বার্তাটি হলো-ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দেওয়ার নীতি মার্কিন আইন প্রণেতাদের সমর্থন পাচ্ছে না।

গত কয়েক সপ্তায় মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট-উভয় কক্ষেই ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত ক্ষমতা সীমিত করার জন্য বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

এসব প্রস্তাব মূলত ডেমোক্র্যাট সদস্যদের উদ্যোগে আনা হয়েছে। তবে ট্রাম্পের ৬০ দিনের আইনি সময়সীমা শেষ হওয়ার পর রিপাবলিকান দলের আরও কয়েকজন সদস্যও প্রস্তাবগুলোর পক্ষে ভোট দেন।

মঙ্গলবারের ভোটে রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল, সুসান কলিন্স, লিসা মারকাওস্কি এবং বিল ক্যাসিডি ডেমোক্র্যাটদের সঙ্গে একাত্ম হয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দেন।

অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান এর বিপক্ষে ভোট দেন। ফলে চূড়ান্ত ফলাফল দাঁড়ায় ৫০-৪৮।

কয়েক দিন আগে মার্কিন প্রতিনিধি পরিষদও অনুরূপ একটি প্রস্তাব অনুমোদন করেছিল। তবে উভয় প্রস্তাবই বাধ্যতামূলক নয় এবং আইনের সমপর্যায়ের কার্যকারিতা বহন করে না।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই প্রস্তাবগুলোর অনুমোদন ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিরল রাজনৈতিক ভর্ৎসনা হিসেবে দেখা হচ্ছে এবং এটি প্রমাণ করে-ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার জন্য কংগ্রেসে তাঁর যথেষ্ট সমর্থন নেই।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।