থাড মোতায়েনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় আবারো বিক্ষোভ
-
মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’
দক্ষিণ কোরিয়ার মাটিতে অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে দেশটির জনগণ রাতভর বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সিওনজু এলাকার যে স্থানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি মোতায়েন করা হবে সেখানকার একটি সরকারি ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।
দক্ষিণ কোরিয়ার ভূমিতে ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে দেশটির জনগণ গত ১৩ জুলাই থেকে বিক্ষোভ করে আসছে। উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলার মোকাবেলায় আগামী বছরের শেষের দিকে থাড মোতায়েন করার কথা রয়েছে।
রোববার রাতে বিক্ষোভকারী জনতার হাতে বহন করা ব্যানারে লেখা ছিল,'থাড মোতায়েনের বিরুদ্ধে আমরা আমরণ লড়াই করব।'
বিক্ষোভে অংশ নেয়া এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, ‘আমেরিকা আমাদের জাতীয় স্বার্থকে অবহেলা করছে এবং আমাদের ওপর থাড মোতায়েনকে চাপিয়ে দিচ্ছে। আমি মনে করি, এর মাধ্যমে তারা দক্ষিণ কোরিয়ার পিঠে ছুরি মেরেছে।’
থাড মোতায়েনের ফলে জনগণের স্বাস্থ্য এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে এর বিরুদ্ধে বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
এদিকে, রাশিয়া ও চীন মনে করে থাড মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়নের ফলে কোরিয় উপদ্বীপে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি প্রক্রিয়ার মারাত্মক ক্ষতি হবে। পাশাপাশি এটি কোরিয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করার ক্ষেত্রে কোনো ভূমিকাই পালন করবে না বলে জানিয়েছে দেশ দু'টি।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/১