মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে ইরানের ভূমিকার প্রশংসায় রুশ প্রধান মুফতি
-
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মুফতি শেখ রাভিল আইনুদ্দিন (ডানে)
পার্সটুডে- রাশিয়ার মুফতি পরিষদ ও দেশটির মুসলিম ধর্মীয় প্রশাসনের প্রধান শেখ রাভিল আইনুদ্দিন মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় তেহরানের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেছেন।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার মুফতি পরিষদ ও মুসলিম ধর্মীয় প্রশাসনের প্রধান শেখ রাভিল আইনুদ্দিন শনিবার মস্কোতে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে এক বৈঠকে ইসলামী মাজহাবগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ইসলামী মাজহাবসমূহের নৈকট্য বিষয়ক বিশ্ব ফোরাম’ গঠনের উদ্যোগকে মূল্যবান বলে উল্লেখ করেন।
তিনি সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলির প্রসঙ্গ তুলে ধরে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর বিজয় এবং সাহসিকতার প্রশংসা করেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভ জন্মবার্ষিকী ও ঐক্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে রাশিয়ার প্রধান মুফতি বলেন, ইরানি জাতির প্রতিরোধ, দৃঢ়তা ও গৌরবময় বিজয় শুধু মুসলমানদের জন্য শিক্ষণীয় নয়, বরং বিশ্বের জন্যও একটি বার্তা বহন করে—প্রতিরোধ ও দৃঢ়তার মাধ্যমে আধিপত্যবাদী শক্তিকে নতজানু করা সম্ভব।
আইনুদ্দিন এসব সাফল্যের পেছনে ইরানি জাতির ঐক্য ও সংহতি এবং ইসলামী বিপ্লবের নেতৃত্বের ভূমিকার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, রাশিয়ার মুফতি পরিষদের সঙ্গে ইরানের ধর্মীয় ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠান এবং মাজহাবগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সক্রিয় বিশিষ্ট ব্যক্তিত্বদের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করা উচিত। এ ক্ষেত্রে ইরানের দূতাবাসের অব্যাহত সহযোগিতারও তিনি প্রশংসা করেন।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন