রুশ বোমারু বিমানের ইরানি ঘাঁটি ব্যবহার: দুঃখ পেয়েছে আমেরিকা
-
মার্ক টোনার
সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর হামলার জন্য রুশ বিমানের ইরানি ঘাঁটি ব্যবহার করাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার গতকাল (মঙ্গলবার) বলেছেন, “এ ঘটনা দুঃখজনক হলেও বিস্ময়কর নয়।”
ইরানি বিমানঘাঁটি ব্যবহারের ঘটনা এবং সিরিয়া সহিংসতায় ইরান ও রাশিয়ার সহযোগিতার বিষয়টি নিয়ে আমেরিকা এখনো পর্যালোচনা করছে বলে জানান তিনি।
সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলার জন্য ইরানের একটি ঘাঁটি ব্যবহার সম্পর্কে রুশ গণমাধ্যম খবর দেয়ার পর মার্কিন মুখপাত্র এসব কথা বললেন। রুশ গণমাধ্যম জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান শহরের একটি বিমানঘাঁটি ব্যবহার করে রাশিয়ার দূরপাল্লার টিইউ-২২এম৩ এবং এসইউ-৩৪ ফ্রন্টলাইনার বোমারু বিমান সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও জাবহাত ফাতেহ আশ-শামের অবস্থানে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও গতকাল এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়।
রাশিয়া বলেছে, সিরিয়ার সহিংসতা নিয়ে মস্কো ও তেহরানের মধ্যে যে সহযোগিতার সম্পর্ক রয়েছে তারই আওতায় ইরানি বিমানঘাঁটি ব্যবহার করা হয়েছে। এ সম্পর্কে মার্ক টোনার বলেন, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই সম্পর্কে রাশিয়া ও আমেরিকার মধ্যে যে চুক্তি হতে যাচ্ছে, রুশ বিমানের ইরানি ঘাঁটি ব্যবহার সে পথে বাধা সৃষ্টি করবে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭